অনুভূতি এমন একটা বিষয়, যা অনুশীলন না করলে দিন দিন হারিয়ে যেতে পারে। কষ্ট পেলেও এক-দু’বার কান্না চেপে রাখুন, দেখবেন তৃতীয়বার আপনার কান্নাই আসবে না।
কেউ আপনাকে খুব ভালোবাসে, আপনি তা অনুভব করতে পারেন। তবুও তাকে ফিরিয়ে দিন। তারপর আরও একজনকে এভাবে ফিরিয়ে দিন… বিশ্বাস করুন, আপনি আর কখনো কাউকে ভালোই বাসতে পারবেন না…
ডাল থেকে গাছ জন্মায়, শূন্য থেকে না। তেমনি করে ভালোবাসার পরশে ভালোবাসা জন্মায়। অথবা বলতে পারেন সুপ্ত বীজের মত সবার মনেই ভালোবাসা লুকানো থাকে। ভালোবাসার পরশে সে বীজ জেগে উঠে ডালপালা গজায়, বিস্তৃত হয়।
মরুভূমিতে একটু-আধটু বৃষ্টি হলে সে বৃষ্টি টের পাওয়া যায় না। মরুভূমিতে চাই প্রচুর বৃষ্টি। তেমন বৃষ্টি হয় না বলে সেখানে গাছপালা জন্মায় না। আবার যেখানে গাছপালা বেশি, সেখানে বৃষ্টিও হয় বেশি।
যেহেতু আপনি বারবার ভালোবাসার পরশ পেয়েও ভালোবাসা জন্মাতে দেন নি বা জন্মায় নি, সেহেতু কোন এক সময় আপনার মন এত রুক্ষ মরুভূমিতে পরিণত হয়ে যাবে যে, খুব বেশি ভালোবাসা পেলেও তখন আপনার মন ভিজবে না। আপনার মনে ভালোবাসার পরশে ভালোবাসা জন্মাবে না, বিস্তৃত হবে না। তখন আপনি হয়ে পরবেন ভালোবাসা শুন্য একজন…
যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ফিরে যান তার কাছে। তার ভালোবাসার পরশে নিজের সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তুলুন, তারপর দুজন একসাথে তাকে আরও বিস্তৃত করুন।
আর একটা কথা না বললেই না, ভালোবাসা, মায়াতে পবিত্রতা থাকে, শুধু পবিত্রতা। একবারের জন্যেও যদি মনে অপবিত্রতা আসে, তবে জেনে রাখুন, সেটা ভালোবাসা নয়, লোভ ছিলো…
