ফ্রিল্যান্সিং (Freelancing) কি?
* ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। যেখানে আপনাকে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকুরী করতে হবে না। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বিভিন্ন কোম্পানি/ব্যাক্তির সাথে কাজ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং আসলে কোন কাজ না, এটা কাজের করে দেয়ার জন্যে হওয়া চুক্তির একটা ধরন। ধরুন আপনি একটি বাগান করবেন। এখন আপনি বাগানটা আপনার বাসায় যে সব সময় কাজ করে, তাকে দিয়েও করাতে পারেন আবার এমন কাউকেও নিয়োগ দিতে পারেন যে একটা নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে আপনার বাগানটা করে দিবে। যদি শুধু বাগান করে দেয়ার জন্যেই কাউকে নিয়োগ দেন, সে হচ্ছে ফ্রিল্যান্সার। সে আজ আপনার বাগান করে দিবে, কাল আমারটা। তার ইচ্ছে হলে সে কারো কাজ করে দিবে, না হলে করবে না। বাগান যত বড় হবে বা সে যত বেশি কাজ করতে পারবে তার উপার্জন তত বেশি হবে।
কাজ করতে কি কি লাগবে?
* সর্বপ্রথম চাই একটু ভালো মেধা আর ধৈর্য। তারপর আপনার লাগবে একটি কম্পিউটার, ইন্টারনেট আর কিছু সময়।
কি ধরনের কম্পিউটার লাগবে? ডেক্সটপ না ল্যাপটপ?
* যে কোন একটা হলেই হবে। তবে মোটামুটি ভালো কনফিগারেশনের কম্পিউটার চাই। বার বার হ্যাং হলে বা স্লো হলে আপনি ঠিক মত কাজ করতে পারবেন না।
কি কি জানতে হবে বা শিখবো?
* ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে প্রথমেই কম্পিউটার চালানো শিখতে হবে এবং কম্পিউটারের উপর ভালো জ্ঞান থাকতে হবে। তারপর আপনি যা করতে চান, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি শিখতে হবে।
কোথায় শিখবো?
* সবচাইতে ভালো হয় যদি আপনি কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হন। সেখানে আপনাকে হাতে কলমে শেখানো হবে। আবার যদি আপনার মেধা ভালো থাকে তবে ইন্টারনেট থেকে টিউটোরিয়াল দেখেও শিখতে পারেন। ইন্টারনেটে প্রচুর ভিডিও টিউটোরিয়ালও পাওয়া যায়।
ট্রেনিং করতে কত টাকা লাগবে?
* ট্রেনিংয়ের ক্ষেত্রে কাজ বুঝে ১০,০০০-২৫,০০০ টাকার মত লাগতে পারে।
কত সময় লাগবে?
* সেটাও নির্ভর করছে আপনার মেধার উপর। ট্রেনিংগুলো সাধারনত ১৫ দিন থেকে ৪ মাসের হতে পারে। ৪ মাসের ট্রেনিংগুলোতে অনেক গ্যাপ বা ছুটি থাকে। যাতে আপনি ঐসময়টাতে আপনার শেখা কাজগুলো ভালোভাবে প্রাকটিস ও আয়ত্ব করতে পারেন। আর আমিও ব্যক্তিগত ভাবে সেটাকে ভালো মনে করি।
টিউটোরিয়াল পাবো কোথায়?
* বাংলা টিউটোরিয়াল পেতে www.webcoachbd.com এ দেখতে পারেন। এখানে আপনি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এসইওর টিউটোরিয়াল পাবেন। এছাড়াও RR Foundation নামে একটি প্রতিষ্ঠান ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকে। সেটা পেতে তাদের সাথে যোগাযোগ করতে হবে।
কোথায় কাজ পাওয়া যায়?
* ইন্টারনেটে অনেক ওয়েব সাইট আছে যেখানে এধরনের কাজ পাওয়া যায়। এদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলে। এমনি জনপ্রিয় কয়েকটি মার্কেটপ্লেস হচ্ছে, Upwork, Freelancer, Guru, Fivrr, PeoplePerHour, Envato।
কি ধরনের কাজ পাওয়া যায়?
* ব্লগ লেখা, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইন্জিন অপটিমাইজেশন, মোবাইল এপ্লিকেশন তৈরি, বিজনেস আইডিয়া তৈরি, ছবি আঁকা, মিউজিক তৈরি, ভিডিও এডিটিং ইত্যাদি বিভিন্ন রকম কাজ পাওয়া যায়।
কিভাবে কাজ পাবো?
* মার্কেটপ্লেসগুলোতে যারা কাজ দেয়, তাদেরকে বলা হয় বায়ার আর যারা কাজ করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার।
অনেক ধরনের মার্কেট প্লেস আছে, সব চাইতে কমন হচ্ছে Bid-based মার্কেটপ্লেস। এখানে সাধারনত বায়াররা তাদের কাজের বিবরন পোষ্ট করে। আপনি যদি মনে করেন আপনি সে কাজের উপযুক্ত, তাহলে আপনি তার জন্য এপ্লাই করতে পারেন। এরকম অনেকেই এপ্লাই করবে। তারপর বায়ার যাকে উপযুক্ত মনে করবে, তাকেই কাজটা দিবে।
আরেক ধরনের মার্কেটপ্লেস হচ্ছে Re-seller মার্কেটপ্লেস। ধরুন আপনি খুব ভালো বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। এখানে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করে আপলোড করে দিবেন। আর যদি কারো বিজনেস কার্ড দরকার হয়, সে এসব মার্কেট প্লেসে এসে খুঁজবে। যদি তার কাছে আপারর ডিজাইন ভালো লাগে, সে তা কিনে নিতে পারবে এবং সেই টাকা জমা হয়ে যাবে আপনার মার্কেটপ্লেস একাউন্টে। এভাবে একই ডিজাইন অসংখ্যবার বিক্রি হবে
কাজ পাওয়া নাকি অনেক কঠিন?
* প্রথম দিকে Bid করে কাজ পাওয়াটা একটু কঠিন। কারন প্রায় সব বায়াররাই অভিজ্ঞ চায়। কিন্তু এজন্য আছে Reseller মার্কেটপ্লেস। আপনার কাজ ভালো হলে শুরু থেকেই আপনি এখানে ভালো উপার্জন করতে পারবেন।
কত টাকা উপার্জন করা যাবে?
* এটা নির্ভর করছে একান্তই আপনার অভিজ্ঞতা আর কাজের ধরন অনুযায়ী। মোটামুটি ঘন্টায় 5-100 ডলার পর্যন্ত আয় করা যায়। তবে আবারও বলছি, এটা নির্ভর করছে একান্তই আপনার অভিজ্ঞতা আর কাজের ধরনের উপর।
টাকা পাবো কিভাবে কিভাবে?
* আপনি যখন কোন কাজ পাবেন, আপনি যার কাজ করে দিচ্ছেন, সে আপনার টাকাটা মার্কেটপ্লেসে জমা করে দিবে। আপনি যখন কাজ শেষে তা বায়ারের কাছে জমা দিবেন, তার যদি মনে হয় যে আপনার কাজটা ঠিক হয়েছে, টাকাটা আপনার মার্কেটপ্লেস একাউন্টে জমা হয়ে যাবে।
টাকা তুলবো কিভাবে?
* আপনার মার্কেটপ্লেস একাউন্টে একটা নির্দিষ্ট পরিমান টাকা, যেমন ৫০ ডলার জমা হয়ে গেলেই আপনি তা তুলতে পারবেন। টাকা তোলার জন্য আপনাকে Payoneer, Paypal, Payza, Skrill যে কোন একটা একাউন্ট বা কার্ড থাকতে হবে। যেটা যেই মার্কেটপ্লেস সমর্থন করে। এসব কার্ড পাওয়াও খুব সহজ। আবার অনেক মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
সব শেষ একটা কথা, অভিজ্ঞ না হয়ে কখনোই এবং কখনোই মার্কেটপ্লেসে কাজের জন্য এপ্লাই করবেন না বা উপার্জনের আশা করবেন না। এটা আপনার ও আমারদের দেশের রেপুটেশন কমিয়ে দিবে আর আপনিও তাতে হতাশ হয়ে পরবেন উপার্জন না করতে পারলে।
আপনাদের আরও প্রশ্ন থাকলে তা জানাতে পারেন, ইনবক্সে বা কমেন্টে। ধন্যবাদ।
