গতকাল থেকে একটা বিষয় নিয়ে চিন্তা করছি। একটা কাজ করতে ইচ্ছে করছে, কিন্তু মনে হচ্ছিল কাজটা করতে পারব না। যেটা পারব না, সেটা কাউকে বলে ছোট হওয়ার দরকার কি? আরেকবার মনে হচ্ছিল যদি চেষ্টাই না করি, তখন মনে আরেকটা কষ্ট থাকবে যে চেষ্টাই তো করিনি, করলে হয়তো পারতাম। এই রকম একটা দ্বিধা নিয়েই অবশেষে বলছি…
পাবলিক বাস গুলোতে যারা উঠেছেন, তারা এই দৃশ্যটার সাথে মোটামুটি সবাই পরিচিত। কেউ একজন বাসে উঠে হাত পেতে সাহায্য চাইছে কোন একটা সমস্যার কথা বলে। আর সেই সমস্যা প্রমাণ করতে হাতে এক গাদা কাগজ, ডাক্তারের প্রেসক্রিপশন। গতকাল বিকেলে এমনি এক বাসে করে ঢাকা থেকে ফিরছিলাম। তারপর একটা পরিচিত চরিত্র, সাহায্য দরকার। খুব মিনতি করেই সাহায্য চাইছিল, কিন্তু বাস ভর্তি এতগুলো মানুষ থাকা সত্ত্বেও দেখলাম কেউই সাহায্য করলো না, আর আমিও না। কারণ হয়তো আমরা কম-বেশি সবাই জানি কিছু মানুষের ব্যবসাই এরকম ভিক্ষা করা, কোন একটা সমস্যার কথা বলে সাহায্য চাওয়া। যাদের সারাটা জীবনই এভাবে সাহায্য চাইতে চাইতে যাবে, তারপরেও তাদের সমস্যা শেষ হবে না। কিন্তু কাল সারাটা রাস্তা এই ব্যাপারটা নিয়ে একটু অন্য ভাবে ভাবলাম, আচ্ছা এমনও তো হতে পারে যে লোকটা সত্যিই খুব অসহায়! হয়তবা সে যা বলছিল সত্যিই, সামান্য কয়টা টাকার জন্য প্রিয় কেউ তার চোখের সামনে মরতে বসেছে!
আচ্ছা, এমন একটা পরিস্থিতিতে তো আমিও পরতে পারি! তখন তো আমাকেও এভাবে হাত পেতে সাহায্য চাইতে হবে আর লোকে আমাকেও অবিশ্বাস করে খালি হাতেই ফিরিয়ে দিবে যেমনটা আমি ওই লোকটাকে ফিরিয়ে দিলাম! আর আমি যখন শূন্য হাতে হাসপাতালে ফিরবো, গিয়ে দেখব আমার অসহায় বোনটা আমার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে! ওর হয়তো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আর সে ওর প্রিয় ভাইয়াকে কিছু একটা বলতে চায় কিন্তু সেই শক্তিটুকুও এখন ওর যে নেই… অথচ এই মুখ দিয়েই ও কতবার আমাকে ভালবাসি বলেছে। হাত দিয়ে আদর করে খাইয়ে দিয়েছে! ভাইয়ার চোখের জল মুছে দিয়েছে! আজ সেই মুখটা নির্বাক, হাত গুলো নিশ্চল… যদি এমনটা হয়, আমি কি করবো? আমার বোন কি এভাবেই আমাকে ছেড়ে চলে যাবে?
একটা বার চিন্তা করে দেখুন, এমন পরিস্থিতিতে আপনিই পরেছেন, তখন কি করবেন?
এই ব্যাপারটা কাল আমি আমার কাছের বন্ধুদের সাথে শেয়ার করেছি। আমরা যেটা ভেবেছি সেটা হল, আমরা একটা ফান্ড তৈরি করতে চাই, যেখানে আমরা নিজেরা টাকা তুলবো। তবে ওদের মত করে না, আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের আমাদের চিন্তা ভাবনার কথাগুলো বলবো, ওরা আমাদের সাথে থাকবে কিনা জিজ্ঞেস করবো। আমার বিশ্বাস, আমাদের মত কেউ গেলে ওরা খালি হাতে ফিরিয়ে দিতে পারবে না। এভাবে আমরা যেই সাহায্য গুলো পাবো, সেই টাকা দিয়ে অসহায় মানুষকে সাহায্য করবো, ভালো কাজ করবো। সেটা হতে পারে যেকোনো ভালো কাজ, একটা ভালো মানুষের জীবন বাঁচাতে, গরিব কিন্তু মেধাবী একটা ছাত্রকে কলেজে ভর্তি করিয়ে দিতে আরও অনেক অনেক ভালো কাজ…
ঠিক এই মুহূর্তে আমি চাই, যারা আমাদের পাশে থাকতে চান, একটু কষ্ট করে আপানদের মতামতটা জানাবেন। এই কাজটা আমার/আমাদের একার পক্ষে করা প্রায় অসম্ভব। কিন্তু, আপনি, আমি, আমরা সবাই চাইলে খুবই সোজা একটা কাজ। আমি আপনাদের হাত গুলো দেখতে চাই, যে হাত গুলো আমাদের সাথে কাজ করতে চায়, এই কাজে সাহায্য করতে চায়! হ্যাঁ, কারো জন্য না, আমাদের নিজেদের জন্যেই কাজ করতে চায়।
** আমি জানি না এই কথা গুলো মন দিয়ে পড়া কিংবা ভাবার মত সময় কত জনের হবে, অথবা আমার এই লেখাটা কত জনের চোখে পারবে। তবে যাদের অন্তত এই লাইনটাও চোখে পরবে, অনুরোধ থাকবে লেখাটা শেয়ার করার।