সকালে একজন পটেনশিয়াল ক্লায়েন্টকে ফোন করলাম যারা মূলত অফলাইন এবং অনলাইনে গ্যাজেট বিক্রি করে। তাদের ই-কমার্স ওয়েবসাইট WooCommerce দিয়ে ডেভেলপ করা। কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স খুব খারাপ। যার কারণে তারা গুগল ফর্মস ব্যাবহার করে অনলাইন অর্ডার নিচ্ছেন। ফোন করেছিলাম মূলত তাদের বর্তমান ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স কিভাবে ভালো করা যায় এবং অনলাইনে অর্ডার ও সহজে পেমেন্ট করা যায় সেটি নিয়ে কথা বলতে। কিন্তু তাদের ভাষ্যমতে WooCommerce বা WordPress এর কোন ভবিষ্যৎ নেই, যার কারণে তারা কাস্টম ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন। যার জন্য আনুমানিক ১-১.৫ লাখ টাকা খরচ হবে।
এখন কথা হচ্ছে, যেটুকু বুঝলাম “WooCommerce বা WordPress এর কোন ভবিষ্যৎ নেই” এই কথাটি খুব সম্ভবত তাদের ডেভেলপার তাদেরকে বুঝিয়েছে। অথচ WordPress+WooCommerce একটি ছোট ওয়েবসাইট থেকে শুরু করে এন্টারপ্রাইজ গ্রেড ওয়েবসাইট তৈরি করতে পারে।
কাস্টম ই-কমার্স ওয়েবসাইটের সুবিধা আছে এটা সত্য, কিন্তু মশা মারতে কামান দাগানোর কোন প্রয়োজন আছে কি? সাধারণ থেকে মাঝারী টাইপের ই-কমার্স ওয়েবসাইটের জন্য WordPress+WooCommerce প্লাটফর্মই আমি সব চাইতে ভালো মনে করি।
একটি কাস্টম ওয়েবসাইট হয়তো ১-১.৫ লাখ টাকা দিয়ে এককালীন ডেভেলপ করা যাবে, কিন্তু একটা ওয়েবসাইট ডেভেলপ করাই কিন্তু শেষ নয়। এর পেছনে প্রতি মাসে একটি রক্ষণাবেক্ষণ খরচ প্রয়োজন হয়। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে এই খরচটি অনেক বেশি যেটি মাঝারী ব্যবসায়ের জন্যেও ব্যয়বহুল। অন্যদিকে WordPress+WooCommerce প্লাটফর্মটির ডেভেলপমেন্ট ও রক্ষণাবেক্ষণ খরচ একেবারে কম।
ই-কমার্স একটি লেনদেনমুলক ওয়েবসাইট, তা ছাড়া কাস্টমার ডাটাবেজ এর মত গুরুত্ব পূর্ণ বিষয় থাকে। এধরণের ওয়েবসাইট গুলোর নিরাপত্তা ঠিক মত খেয়াল না করলে যে কোন সময় হ্যাক হতে পারে। যার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ডাটাবেজ অন্য কারো হাতে চলে যেতে পারে। এদিক থেকে চিন্তা করলেও WordPress+WooCommerce প্লাটফর্মটি ছোট থেকে শুরু করে মাঝারী ব্যবসায়ের জন্য অনেক বেশি নিরাপদ। কারণ ভালো ডেভেলপার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা ছাড়া একটি কাস্টম অনেক সহজেই হ্যাক হয়ে যেতে পারে।
ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার দিকটা সাধারণত কেউ খেয়াল করে না। একবার ওয়েবসাইট তৈরি করে সেভাবেই চালাতে থাকেন। অথচ এটি একটি ওয়েবসাইটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের বিভিন্ন জিনিষ, যেমন রং, লেখার সাইজ এরকম প্রতিদিন কিছু না কিছু নিয়ে টেস্ট করা আপনার কাস্টমার অনেক বাড়িয়ে দিতে পারে।
ই-কমার্স ওয়েবসাইট রিলেটেড যে কোন জিজ্ঞাসা, পরামর্শ বা সমস্যার জন্য ফ্রিতে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন।
