বিদায় ২০১৪…

দেখতে দেখতে আরও একটা সাল চলে গেলো। অথচ মনে হচ্ছে এইতো সেদিনই বলা শুরু করালাম এটা ২০১৪ সাল। সবাই শুধু হিসাব করে খুশি হয় যে নতুন একটা সাল আসল কিন্তু আমার খারাপ লাগে যে একটা বছর হারালাম। যদিও এই বছর তেমন কোন সুখের মুহূর্তই আমার জীবনকে স্পর্শ করেনি। বরং অনেক দুঃখের স্মৃতি হয়েছে। ফিরে যেতে ইচ্ছে করছে আরও অনেক বছর আগে, যখন আমি ছোট ছিলাম। ইচ্ছে করছিল এই বছরের কিছু স্মৃতি নিয়ে লিখবো, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না! তবে হ্যাঁ, এই বছরের জন্য এটা আমার জন্য একটা উল্লেখ যোগ্য ঘটনা হচ্ছে আমার স্মৃতি শক্তি এই বছর অনেক কমেছে। বছরটা শুরু করেছিলাম নতুন একটা বন্ধুত্ব দিয়ে। কিন্তু বছর শেষে সেটা টিকল না। আর ২০১৩ সালে আমার সব চাইতে কাছের যেই বন্ধু গুলো আমার ভুল বুঝেছিল, তাদের ভুলটা এখনো ভাঙাতে পারিনি। এক রকম পুরপুরি একাই হয়ে গেছি, কোন বন্ধু নেই! এ বছর দূরে কোথাও যাওয়া হয়নি, বেশিরভাগ সময় কাটিয়েছি ঘরেই! কেমন যেন, কোন কিছুতেই কিছু খুঁজে পাই না! সবই একরকম লাগে! একটা নতুন জিনিষ শিখেছি এই বছর, জীবন কি? জীবনের অর্থ হয়তো খুঁজে পেয়ে গেছি! নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে কম্পিউটিংয়ে বিশেষত দ্রুপাল সিএমএসে। আর এর চাইতেও মজার অভিজ্ঞতা হয়েছে, পরীক্ষায় ডাহা ফেল কাকে বলে, সেটা জেনেছি এই বছর! নতুন একটা ওয়েবসাইটের মালিকও হয়েছি এই বছর। ঠিক সন্ধ্যায় বৃষ্টিতে পুকুরে নেমেছি, রোদের মধ্যে রাগ করে বসে থেকেছি অযথা পাগলামি করেছি আরও কত কি! আজকে বছরটা চলে যাবে, খুব খারাপ লাগছে, জানি না সামনের বছর এমন কিছু করতে পারব কি না!

আমার কাছে প্রতিটা দিনই সমান। সূর্য একটা, চাঁদও একটা। তাহলে কেন একটা দিনকে নতুন বলে আনন্দ করবো আর পরের দিনটাকে পুরনো বলে ঘৃণা করবো? তবুও নতুন বছরটা আমার জন্য এই জন্য গুরুত্বপূর্ণ কারণ একটা নতুন ক্যালেন্ডার কিনতে হবে, তারপর সাক্ষর দিতে গেলে যেই জিনিসটা অনেক দিন পর পর বদলে লিখতে হয়, সেই সালটা বদল করতে হবে, প্রথম কয়দিন ভুলে ২০১৪-ই লিখে ফেলবো যে কারণে একটু সতর্ক থাকতে হবে!

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top